পঞ্চগড়ে ব্যবসায়ীকে অপহরণের পর আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আবু রায়হান হৃদয় (২৪) ও মোছা. সুরাইয়া পারভীন স্বরনী (১৯)।
এর আগে, রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২৭ জুলাই পঞ্চগড় সদর থানা এলাকার এক ব্যবসায়ী এই ‘হানিট্র্যাপ’ চক্রের ফাঁদে পড়েন। ওইদিন দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে চক্রের ৪-৫ জন সদস্য তাকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখায় এবং অশ্লীল ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত মাসে পঞ্চগড় সদর থানায় একটি এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আবু রায়হান হৃদয় ও সুরাইয়া পারভীন স্বরনীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আবু রায়হান হৃদয়ের স্থায়ী বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলায় হলেও তিনি পঞ্চগড় সদর উপজেলার রাজনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর আসামি সুরাইয়া পারভীন স্বরনী পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, আসামিদের পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পঞ্চগড় সদর থানার পুলিশ জানায়, এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/মহু