আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চেয়ে আইজিপির সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার সন্ধ্যা ৭টায় ১১ দলীয় জোটের নেতারা পুলিশ সদর দফতরে গিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।
বৈঠক শেষে পুলিশ সদর দফতরের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন জোটের নেতারা।
সোমবার (২৪ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এ তথ্য জানান।
১১ দলীয় ঐক্য সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার এবং বৈষম্যবিরোধী রাজনৈতিক দাবিগুলো সামনে রেখে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচিকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
গত ১৭ আগস্ট লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই বৈঠকে লং মার্চকে ঘিরে সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
১১ দলীয় ঐক্যের নেতাদের ভাষ্য, তাদের কর্মসূচির উদ্দেশ্য কেবল রাজনৈতিক সমাবেশ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজনৈতিক চাপ সৃষ্টি করাও এর অন্যতম লক্ষ্য। সে কারণে ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে চলমান রাজনৈতিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে তারা।
লং মার্চের প্রস্তুতির অংশ হিসেবে জোটের নেতারা এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি লং মার্চের পথে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, লং মার্চের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে সরাসরি আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করবেন জোটের নেতারা।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে লং মার্চের রুট, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, যান চলাচল এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। কর্মসূচিতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা চাওয়া হবে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যেই আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করা হবে। বৈঠক শেষে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জোট সূত্রে জানা গেছে, বড় রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় থাকলে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা সহজ হয়। লং মার্চের আগে পুলিশের শীর্ষ পর্যায়কে বিষয়টি অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ