রাজধানীতে ১ ডিসেম্বর বড় জমায়েত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিপরীতে ডিসেম্বরব্যাপী মাঠে থাকবে ক্ষমতাসীন বিএনপি। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাসের

2026-11-27T03:50:17+00:00
2026-11-27T03:50:17+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
রাজধানীতে ১ ডিসেম্বর বড় জমায়েত করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৫০ এএম 
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিপরীতে ডিসেম্বরব্যাপী মাঠে থাকবে ক্ষমতাসীন বিএনপি । ছবি : সংগৃহীত
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিপরীতে ডিসেম্বরব্যাপী মাঠে থাকবে ক্ষমতাসীন বিএনপি । ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিপরীতে ডিসেম্বরব্যাপী মাঠে থাকবে ক্ষমতাসীন বিএনপি। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাসের প্রথম দিন আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাস উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে রিজভী এসব তথ্য জানান। তিনি জানান, ১ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতি নিতেই এই যৌথ সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।

যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, পানি সম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মূল দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবেন। এ বিষয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বা পাহারার মতো কোনো কর্মসূচিও নেওয়া হবে না।

দলটির দায়িত্বশীল নেতারা মনে করছেন, দেশ থেকে বিতাড়িত কোনো দলের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দেওয়াটা ক্ষমতাসীন দলের জন্য শোভনীয় নয়। এতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে হাইলাইট করা হবে। মেইনস্ট্রিম মিডিয়ায় চলে আসবে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার মধ্যে বিএনপি এ সিদ্ধান্ত নিল।

দলীয় সূত্রের ভাষ্য, ডিসেম্বরজুড়ে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙ্গা রাখতে চায় দলটির নেতৃত্ব।

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। 
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতা চালানো হচ্ছে।

নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের হত্যার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বিশ্বস্বীকৃত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনের জন্য মনোনীত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি। বিজয়ের মাসকে এক তারিখ থেকেই পালন করা শুরু করব। সেই হিসেবে সরকারি সব কর্মসূচি প্রণয়ন হয়েছে এবং দলীয় ভিত্তিতে আমাদের সব কর্মসূচি ঘোষিত হয়েছে। এটি শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে একটি গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে। এর আয়োজন উপলক্ষে সাংগঠনিক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সব নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশগ্রহণ করবেন।

এর আগে সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। সেখানে রিজভী দাবি করেন, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি বেশি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তায় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিরোধে শ্রমিক, কৃষক ও ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   রাজধানী  ১ ডিসেম্বর  বড় জমায়েত  করবে  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: