প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:২১ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ২:২১ পিএম

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। ১ ডিসেম্বরের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশের প্রস্তুতি ও আয়োজন নিয়ে কাজ করছেন দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। তবে, সমাবেশের স্থান ও সময় এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।
রিজভী বলেন, ‘আপনারা জানেন, ইতোমধ্যে আমরা মাসব্যাপী বিজয়ের মাস হিসেবে ঘোষণা করেছি। সেই মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা একটু বড় সমাবেশের মাধ্যমে শুরু করব। আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আজকে আমাদের প্রস্তুতি সভা হয়েছে।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বিশ্বস্বীকৃত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনের জন্য মনোনীত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, বিজয়ের মাসকে এক তারিখ থেকেই পালন করা শুরু করব। সেই হিসেবে সরকারি সমস্ত কর্মসূচি প্রণয়ন হয়েছে এবং দলীয় ভিত্তিতে আমাদের সব কর্মসূচি ঘোষিত হয়েছে। এটি শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে একটি গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে। এর আয়োজন উপলক্ষ্যে সাংগঠনিক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সব নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশগ্রহণ করবেন।’
সময়ের আলো/মহু