প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩১ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ২:৩২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই, পলাতক ফ্যাসিস্টরা এখন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার কোনো রক্তপাত চায় না; ধৈর্যের সঙ্গে নাশকতা মোকাবিলা করছে। তবে, পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি অপরাধের বিচার এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’
প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’
তিনি বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’
সময়ের আলো/মহু