প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লোগো। ছবি : সংগৃহীত থানা থেকে এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে আনতে তদবির করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তাকে বহিষ্কার করেছে যুবদল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগে মোস্তফা হাওলাদার মুক্তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রমনা থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস রোড ইউনিটের সভাপতি ওমর ফারুককে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির করেছিলেন মুক্তা। এ ঘটনাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ হিসেবে বিবেচনা করেছে যুবদল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
সময়ের আলো/জেডি