প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৫১ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ২:৫২ এএম

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম । ছবি : সংগৃহীত
বিজেপি নেতা অর্জুন সিংয়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম । ছবি : সংগৃহীত ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এ বক্তব্যের জন্য অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি মন্ত্রিসভা থেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব দাবি তুলে ধরেন নাহিদ ইসলাম।
পোস্টে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাত। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমি সম্পর্কে এমন মন্তব্য ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতা। এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অর্জুন সিংকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলামের অভিযোগ, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ভারত সরকার সংশ্লিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের শ্রদ্ধাবোধ নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।
একই সঙ্গে, এ ঘটনায় বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, অর্জুন সিংয়ের বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি। সরকারের এমন নির্লিপ্ততা স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য লজ্জাজনক।
পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের মানুষের সাহস ও সংগ্রামের ইতিহাস অর্জুন সিংদের জানা নেই। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই পরিস্থিতি আর ফিরে আসবে না। দেশের ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গেও বাংলাদেশের স্বার্থ জড়িত বলে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে কিংবা প্রক্সি শক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ভারতের অখণ্ডতার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।
সময়ের আলো/এসকে