নওগাঁয় ৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের তারা দেবী মূর্তিসহ মো. সাজেদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ৩৮ লাখ ১০ হাজার টাকা। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার বাইপাস এলাকার সাদিয়া মার্কেটে এক অভিযানে এ মূর্তিটি উদ্ধার করা হয়।
আটক মো. সাজেদুল ইসলাম নওগাঁর সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আটককৃতকে রাত আনুমানিক ৮ দিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়। পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটসহ একটি টাস্কফোর্স দল সাদিয়া মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় মার্কেটের একটি ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে সাজেদুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮ কেজি ১০০ গ্রাম ওজনের একটি তারা দেবীর কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রতীয়মান হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আটক সাজেদুল ইসলামের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
সময়ের আলো/আতা