মোবাইল ফোনে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের আজাদকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে চাটখিল থানা পুলিশ রেজ্জাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আজাদের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) ছিল। ওই জিডির প্রেক্ষিতে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীরকে (৩৪) দীর্ঘদিন ধরে ফেসবুকে ও ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আবু তাহের আজাদ। প্রতিনিয়ত এ ধরনের হুমকি পেতে থাকায় জীবনের নিরাপত্তা চেয়ে ছাত্রদলের ওই সাবেক নেতা রাজধানীর মিরপুর মডেল থানায় একটি জিডি করেন।
এদিকে আবু তাহের আজাদের গ্রেফতারের বিষয়ে ছাত্রদলের সাবেক আরেক নেতা আহসান হাবিব বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আবু তাহের আজাদ রেজ্জাকপুর ওয়ার্ডে দলের সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছে। সে এলাকায় চাঁদাবাজি, সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধাদি নলকূপ, বাথরুম, পুকুরের গাইড ওয়াল পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এবং নানা ধরনের সালিশ বাণিজ্যের মাধ্যমে মানুষকে হয়রানি করে আসছিল।
সময়ের আলো/আতা