চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক ও বাস শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘ সময় যানবাহন না চালায় সড়কের দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ছে।
শনিবার (১০ অক্টোবর) বিকাল থেকে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার এলাকায় সড়কে গাড়ির ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গায় ইজি বাইক চালকদের সাথে পরিবহন শ্রমিক-মালিকদের মধ্যে সড়কে চলাচল নিয়ে বিরোধ সৃষ্টি হয়। শনিবার সকালে ইজিবাইক চালকদের সাথে পরিবহন শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই জের ধরে শনিবার বিকেলে আলোকদিয়া বাজারে ইজিবাইক চালকরা বাস চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এরপর বাস চালকরা বাস চলাচল বন্ধ করে দেয়। সড়কে গাড়ি আড়াআড়িভাবে রেখে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, যান চলাচল মেহেরপুর সড়কে বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/আতা