প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোগাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদ থেকে আরএফএল কোম্পানির এক রোলার চালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নদে নিখোঁজ হওয়ার পর শনিবার সকালে উপজেলার বাঁশতলী এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত চালকের নাম হাসান বাগা (২৮)। তিনি ভোলা সদর থানার রতনপুর এলাকার তরিক বাগার ছেলে। তিনি আরএফএল কোম্পানির রোলার চালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরএফএল কোম্পানি কালিয়াকৈর উপজেলার কয়েকটি সড়কের নির্মাণ কাজ কাজ করছে। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বাঁশতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তুরাগ নদের পাড় থেকে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান কোম্পানির নিরাপত্তাকর্মী বেলাল। পরে তিনি দৌড়ে নদীর পাড়ে গিয়ে দেখতে পান, এক ব্যক্তির শরীর পানিতে তলিয়ে গেছে, শুধু দুই হাত পানির ওপরে দেখা যাচ্ছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ওই ব্যক্তি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের কান, মুখ ও গলার বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সময়ের আলো/জোই