অপ্রতিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি কাল, বিচার দুই আদালতে

কুবি প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু

2026-11-28T14:06:17+00:00
2026-11-28T14:17:42+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
অপ্রতিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি কাল, বিচার দুই আদালতে
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:০৬ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ২:১৭ পিএম
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি : সংগৃহীত
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি : সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার (২৯ নভেম্বর)। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক দুটি আদালতে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামীকাল ২৯ নভেম্বর অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।’

এর আগে গত ২১ নভেম্বরও মামলার বিচার শুরুর তারিখ এবং দুই আদালতে বিচারপ্রক্রিয়া পরিচালনার বিষয়টি জানিয়েছিলেন তিনি। সেদিন তিনি বলেছিলেন, মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং আসামিরা কারাগারে রয়েছেন। ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হবে।

পিপি আরও জানান, মামলার অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে বলেও জানান তিনি।


অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠন করা হবে বলে আমাকে জানানো হয়েছে। আমি আগামীকাল সেখানে যাব।’

পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা।

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন কেড়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তদন্তের সময় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। আর সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।

সময়ের আলো/জোই
  বিষয়:   অপ্রতিম হত্যা  ইশায়াত শাহরিয়ার অপ্রতিম  কুমিল্লা বিশ্ববিদ্যালয়  কুবি  হত্যা মামলা  অভিযোগ গঠন  কুমিল্লা আদালত  লালমাই পাহাড়  শিশু আদালত  সেশন কোর্ট  কুমিল্লা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: