
নাঙ্গলকোটে প্রবাসী বিরুদ্ধে মামলা, তালাকনামা নিয়ে রহস্য
নাঙ্গলকোটে প্রবাসী বিরুদ্ধে মামলা, তালাকনামা নিয়ে রহস্যকুমিল্লার নাঙ্গলকোটে সৌদি আরবপ্রবাসী আবদুর রহমান ও তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা এবং স্ত্রীর নামে কথিত তালাক নোটিশ পাঠানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রবাসীর অভিযোগ, তাকে ও তার পরিবারকে হয়রানি করতে এসব করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তদন্ত প্রতিবেদন এবং তালাক নোটিশের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তপবন গ্রামের আবদুল করিমের ছেলে আবদুর রহমান ২০১৫ সালের ১০ এপ্রিল চৌদ্দগ্রামের রাজবল্লভপুর গ্রামের নাজমুন নাহারকে বিয়ে করেন। তাদের সংসারে দুই মেয়ে রয়েছে।
২০২৩ সালের ১১ জুলাই নাজমুন নাহারের মা জোসনা বেগম জামাই আবদুর রহমানসহ তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ যৌতুক ও নির্যাতনের মামলা করেন।
মামলায় আবদুর রহমানের বিরুদ্ধে মুঠোফোনে ১০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ আনা হয়। অন্য আসামিদের বিরুদ্ধে তার স্ত্রীকে মারধর এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরার অভিযোগ করা হয়। তবে আবদুর রহমানের দাবি, ঘটনার দিন তার ভাই আবদুর রহিম ব্যবসায়িক কাজে খুলনায় অবস্থান করছিলেন। এরপরও তাকে মামলার আসামি করা হয়েছে।
এদিকে, ২০২৩ সালের ২১ জানুয়ারি স্ত্রীর নামে একটি তালাক নোটিশ পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন আবদুর রহমান। তবে তার স্ত্রী নাজমুন নাহার এমন কোনো নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন। ফলে নোটিশটি কে বা কারা পাঠিয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুলের সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন প্রবাসী। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যানের দাখিল করা তদন্ত প্রতিবেদনে বাদী, সাক্ষী ও ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়। তবে আবদুর রহমানের অভিযোগ, তদন্তের সময় তার পরিবারের সদস্যদের বক্তব্য যথাযথভাবে নেওয়া হয়নি।
স্থানীয় বাহার উদ্দিন বাহার, আজিজুল হক ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনও তালাক নোটিশ পাঠানো এবং স্থানীয় সালিশের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার বলেন, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদে বিচার অনুষ্ঠিত হয়েছিল। আসামিরা সেই বিচার না মানায় ইউপি সদস্যসহ আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, ঘটনার নিরপেক্ষ তদন্ত, তালাক নোটিশের উৎস শনাক্ত এবং হয়রানির অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী আবদুর রহমান।
সময়ের আলো/জোই