
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল। ছবি : সময়ের আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল। ছবি : সময়ের আলোকুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এ পথ দিয়ে। অথচ গুরুত্বপূর্ণ এই স্থানে যানজট ও দুর্ঘটনা কমাতে নেওয়া ৫৬৮ কোটি ৯৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চার বছরেও শেষ হয়নি অর্ধেক কাজ। বরং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও কাজের অগ্রগতি প্রায় ৩৭ শতাংশে আটকে রয়েছে। এর মধ্যে পুরোনো নকশা পরিবর্তন করে ইউলুপের পরিবর্তে উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। ফলে প্রকল্পের ব্যয়, সময় ও বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লা অংশে তিনটি আন্ডারপাস ও পদুয়ার বাজারে একটি ইউলুপ নির্মাণের জন্য ২০২১ সালে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের নাম ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে তিনটি আন্ডারপাস ও পদুয়ার বাজার ইন্টারসেকশন ইউলুপ নির্মাণ’। মোট ব্যয় ধরা হয় ৫৬৮ কোটি ৯৩ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় সড়ক ও জনপথ অধিদফতর।
প্রকল্পের আওতায় পদুয়ার বাজার বিশ্বরোডে র্যাম্পসহ ২ হাজার ১৪২ দশমিক ৭০ মিটার দীর্ঘ ইউলুপ নির্মাণের পরিকল্পনা ছিল। পাশাপাশি পদুয়ার বাজার, সদর দক্ষিণ উপজেলা গেট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেলতলী গেট এলাকায় তিনটি আন্ডারপাস নির্মাণের কথা ছিল। এর মধ্যে পদুয়ার বাজারের আন্ডারপাসটি পথচারীদের পারাপারের জন্য পুশ বক্স প্রযুক্তিতে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।
২০২২ সালের অক্টোবরে প্রকল্পের কাজ শুরু হয়। ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। ২০২৫ সালের আগস্টে কাজের অগ্রগতি ছিল প্রায় ৪০ শতাংশ।
প্রকল্পের কাজ পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে ভূমি অধিগ্রহণের জটিলতা। বিশেষ করে মহাসড়কের উত্তর পাশে ইউলুপ নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। জমির মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে ৫৭টি আপত্তি জমা পড়ে। ২০২৫ সালের আগস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, তখন পর্যন্ত মাত্র একটি আপত্তি নিষ্পত্তি হয়েছিল।
এ কারণে প্রকল্পের একপাশের কাজ এগোলেও অন্য পাশের কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে পুরো ইউলুপের নির্মাণকাজ আটকা বলেন ঢাকামুখী লেনের পাশে ইউলুপের কাজ ৪০ শতাংশ শেষ হয়েছে। কিন্তু চট্টগ্রামমুখী লেনের পাশে ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। জমি অধিগ্রহণ করে দেওয়া হলে এক বছরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলেও তিনি জানান।
ভূমি অধিগ্রহণের আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে তৎকালীন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেছিলেন, পদুয়ার বাজারে দুর্ঘটনা রোধে সাময়িকভাবে পুরোনো ইউটার্নটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণের ৫৭টি আপত্তি আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করা হবে।
এ বিষয়ে বর্তমান কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার বলেন, সড়ক মন্ত্রণালয় সাথে আমরা কথা বলছি কাজটি দ্রুত শেষ করার জন্য। এদিকে প্রকল্পের কাজ দীর্ঘদিন আটকে থাকার মধ্যে এবার নকশা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের পরিকল্পনায় ইউলুপ নির্মাণের কথা থাকলেও নতুন নকশায় উড়ালসেতু নির্মাণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেছেন,পদুয়ার বাজার বিশ্বরোডের ঝুঁকিপূর্ণ ইউটার্নের কারণে দুর্ঘটনা রোধে নতুন করে নকশা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নকশা অনুযায়ী কাজ বাস্তবায়িত হলে মহাসড়কে যানচলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ইউলুপ নির্মাণকাজ শেষ না হওয়ায় পদুয়ার বাজার বিশ্বরোডের ঝুঁকিপূর্ণ ইউটার্ন দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা-নোয়াখালী সড়কে যেতে এবং বিপরীত দিক থেকে আসতে যানবাহনগুলোকে মহাসড়কের ওপর দিয়ে ঘুরতে হয়। এতে দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে।
২০২৫ সালে পদুয়ার বাজারে একটি লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। দুর্ঘটনা কমাতে পুরোনো ইউটার্ন বন্ধ করে বিকল্প পথে যানচলাচলের ব্যবস্থাও করা হয়।
কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা পুলিশ সুপার মো. খাইরুল বলেছিলেন, মহাসড়কের অপরিকল্পিত ইউটার্নগুলো বন্ধ করে দ্রুত ইউলুপ নির্মাণ করতে হবে। এতে ওই এলাকায় যানচলাচল নিরাপদ হবে।
পদুয়ার বাজার বিশ্বরোড শুধু কুমিল্লা শহরে প্রবেশের অন্যতম পথ নয়, এটি নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহনের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ফলে এখানে যানজট তৈরি হলে এর প্রভাব পড়ে আশপাশের সড়কেও।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের যানবাহন চলাচল সহজ হওয়ার কথা। একই সঙ্গে পথচারীদের নিরাপদ পারাপারের সুযোগ তৈরির পরিকল্পনাও ছিল। কিন্তু দীর্ঘসূত্রতার কারণে এখনো এসব সুবিধা পুরোপুরি পাওয়া যাচ্ছে না।
স্থানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান বলেছিলেন, সময়মতো ভূমি অধিগ্রহণ করা গেলে প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার সম্ভাবনা ছিল। তার মতে, জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করা গেলে কয়েক মাসের মধ্যেই বাকি নির্মাণকাজ শেষ করা সম্ভব হতো।
সব মিলিয়ে ৫৬৮ কোটি ৯৩ লাখ টাকার এই প্রকল্প এখন বাস্তবায়নের দীর্ঘসূত্রতা, ভূমি অধিগ্রহণের জটিলতা ও নকশা পরিবর্তনের কারণে নতুন চ্যালেঞ্জের মুখে। চার বছরেও অর্ধেক কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন নতুন নকশা চূড়ান্ত করে কবে নাগাদ নির্মাণকাজ শুরু ও শেষ হবে, সেটিই দেখার বিষয়।
সময়ের আলো/জোই