প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:১২ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে রাখা বাসটির পেছনের অংশের সিটে আগুন দেওয়া হয়। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইউএনও আতাউর রাব্বি বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
সময়ের আলো/এসএকে