প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ এএম

সরদার মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত
সরদার মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি গঠনের চার দিনের মাথায় আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সরদার মনিরুজ্জামান। পদত্যাগপত্রে তিনি কমিটিকে ‘বিতর্কিত’ উল্লেখ করে নিজের পরিচ্ছন্ন রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরেছেন।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে চার সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সরদার মনিরুজ্জামানকে আহ্বায়ক করা হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সদস্যসচিব মো. শহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মো. মাইনুল ইসলাম (মিন্টু) এবং সম্মানিত সদস্য মো. শোভন তালুকদার। অনুমোদনপত্রে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে কমিটি ঘোষণার চার দিনের মাথায় ২৭ নভেম্বর জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন সরদার মনিরুজ্জামান। এতে তিনি লেখেন, আমি পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করি। তাই এই বিতর্কিত কমিটির আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
পদত্যাগের কারণ জানতে চাইলে সরদার মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন এলাকায় না থাকার অভিযোগ তুলে উপজেলা বিএনপি জেলা শ্রমিক দলের কাছে চিঠি দিয়েছে। তাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হওয়ায় তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপিসহ শ্রমিক দলের কয়েকজন নেতার বিরূপ প্রতিক্রিয়া থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, ‘আমি মনে করেছি, এখানে আমার থাকা ঠিক হবে না।’
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সরদার মনিরুজ্জামান দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ছিলেন। তা ছাড়া উপজেলা বিএনপির সঙ্গে কোনো পরামর্শ না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। এ কারণে জেলা শ্রমিকদলের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, দলীয় বৈঠকের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সময়ের আলো/জোই