
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের রক্ষায় প্রশাসনের কাছে কোনো ধরনের তদবির না করতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের নেতাকর্মী হোন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ যেন তদবির না করেন। এ ক্ষেত্রে প্রশাসনকে স্পষ্ট ও কঠোর অবস্থান নিতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।
১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ওই সময়ে দেশের মানুষ আওয়ামী লীগ ও রক্ষীবাহিনীর সন্ত্রাস দেখেছে। সে সময় জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। ১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টারকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে বাংলাদেশের প্রথম গুম হিসেবে উল্লেখ করেন তিনি। একইভাবে সিরাজ সিকদারকে দেশের প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার উল্লেখ করে তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনা করেন।
বিগত ১৬-১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গুমের শিকার হয়েছেন ৬০০ জন। এ ছাড়া প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে এবং তাঁদের বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। মাত্র ২০ দিনে ২০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন বলেও দাবি করেন তিনি। তাদের কেউ হাত, কেউ পা, আবার কেউ চোখ হারিয়েছেন। অনেকে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
আইনমন্ত্রী আরও বলেন, এত হত্যাকাণ্ড ও নির্যাতনের পরও কেউ কেউ বাংলাদেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। গোপালগঞ্জের লোকজনকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেন তিনি। তবে এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দেন।
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে গেলেই পার পাওয়া যাবে, এমনটি ভাবার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মী, প্রশাসন কিংবা বিরোধী দলের নেতাকর্মীরা এসব ঘটনা নীরবে দেখবেন না। সবার বাড়িঘর ও চলাচলের পথ সম্পর্কে জানা আছে। অতীতে ক্ষমতায় থেকে যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দুঃস্বপ্ন আর দেখার চেষ্টা না করারও হুঁশিয়ারি দেন তিনি।
কালীগঞ্জবাসীর উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আপনাদের এখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রয়েছেন, তিনি একাই যথেষ্ট। আপনাদের সংসদ সদস্যও আছেন। এরপরও যদি মনে করেন, আমাকে প্রয়োজন, তাহলে জানাবেন। আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সময়ের আলো/জোই