প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে স্বাধীনভাবে কাজ করতে হবে। আইন মেনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মো. আসাদুজ্জামান বলেন, দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম চালাচ্ছে। দলের কঠিন সময়ে এরা পাশে থাকবে না। বরং আওয়ামী লীগের সঙ্গে এখনো গোপনে আঁতাত ও তাদের কাছ থেকে আশ্রয়-প্রশ্রয় নিচ্ছে। গত ১৭ বছর ধরে এই চক্র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এ ধরনের কাউকে বিএনপিতে প্রয়োজন নেই।
পরে শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই