কুষ্টিয়া কারাগার এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া জেলা কারাগারে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ও বিকেল

2026-11-27T12:51:33+00:00
2026-11-27T13:02:01+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া কারাগার এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ১:০২ পিএম
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
কুষ্টিয়া জেলা কারাগারে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ও বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের মূল ফটক ও পূর্ব পাশের বাউন্ডারি ওয়াল লক্ষ্য করে এসব ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

দুটি বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও জেলা কারাগারের মতো স্পর্শকাতর স্থাপনায় পরপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের পূর্ব প্রান্তের বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি কারারক্ষীদের ব্যারাকের কাছাকাছি গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন কারাগারের বাউন্ডারি ওয়ালের বাইরে জড়ো হন। তারা বিস্ফোরণের পর ধোঁয়া উঠতেও দেখেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে প্রথম দফা ককটেল হামলা চালানো হয়। একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত কারাগারের মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

বিকট শব্দে বিস্ফোরিত হয় ককটেলটি। চাঞ্চল্যকর বিষয় হলো হামলাকারীরা নিজেরাই এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এতে হামলার দৃশ্য নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। পরপর দুই দফা হামলার পর কারাগারের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বিশেষ করে দিনের আলোয় বিকেলে কারাগারের বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে দ্বিতীয় দফা ককটেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা-ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুটি বিস্ফোরণের ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।


এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে। কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ বলেন, আমরা ভোর সাড়ে চারটার পর ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এছাড়াও কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ও কুষ্টিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা মহোদয়ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এরপর আমরা কারাগার কর্তৃপক্ষকে জানাই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে বিকালে আবার সংবাদ পাই—কে বা কারা জেলা কারাগারের সীমান্তবর্তী কারারক্ষীদের আবাসিক এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা সে বিষয়ে তদন্ত করছি।

পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি জানতে চেয়ে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া জেলা কারাগারের কারারক্ষীদের আবাসিক এলাকায় মোটরসাইকেল যোগে কয়েকজন টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে চলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় গৃহীত আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর তাকে ক্ষুদেবার্তা পাঠানো হলে তিনি কিছুক্ষণ পর কল ব্যাক করে তদন্তকাজে ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জেলা কারাগারের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সরকারি স্থাপনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই দফা ককটেল হামলার ঘটনা কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। কারা কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুষ্টিয়া  জেলা কারাগার  ককটেল বিস্ফোরণ  আতঙ্কে জেলাবাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: