
সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবীর পরভেজ। ছবি : সময়ের আলো
সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবীর পরভেজ। ছবি : সময়ের আলোকুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবীর পরভেজের নিখোঁজের ১৪ বছর পূর্ণ হতে যাচ্ছে। ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে যৌথ বাহিনীর অভিযানের পর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের ভাগ্যে কী ঘটেছে, তা জানেন না পরিবারের সদস্যরা। এখনো স্বজনদের অপেক্ষা—প্রিয়জনেরা ফিরবেন, নাকি অন্তত তাদের পরিণতির খবর মিলবে।
২০১৩ সালের ২৭ নভেম্বর বিএনপির টানা অবরোধ কর্মসূচি চলছিল। ওই দিন রাত ৯টার দিকে কুমিল্লার লাকসামে র্যাব-পুলিশসহ যৌথ বাহিনী বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে লাকসাম উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর মালিকানাধীন ‘লাকসাম ফ্লাওয়ার মিলে’ প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়।
অভিযানের খবর পেয়ে ওই রাতেই সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবীর পরভেজ ও উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন একটি অ্যাম্বুলেন্সে করে লাকসাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার হরিশ্চর-আলীশ্বর এলাকায় পৌঁছালে সাদাপোশাকধারী একদল ব্যক্তি তাদের অ্যাম্বুলেন্সের গতিরোধ করেন। নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ওই তিন বিএনপি নেতাকে অন্য একটি সাদা মাইক্রোবাসে তুলে কুমিল্লার দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জসিম উদ্দিন ও লাকসাম ফ্লাওয়ার মিল থেকে আটক নয়জনকে লাকসাম থানায় হস্তান্তর করে র্যাব। পরদিন ২৮ নভেম্বর সকালে ওই ১০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। এরপর থেকে সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবীর পরভেজের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার পর থেকেই পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে আসছেন, র্যাব সদস্যরাই ওই দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে গুম করেছেন। এ ঘটনায় অপহরণ ও গুমের অভিযোগে ২০১৪ সালের ১৮ মে র্যাবের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন হুমায়ুন কবীরের বাবা রঙ্গু মিয়া। থানা-পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলেও তাতে নারাজি দেন বাদী। কয়েক দফা তদন্ত সংস্থা পরিবর্তন হলেও অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
ছেলে নিখোঁজ হওয়ার শোক সইতে না পেরে ২০১৪ সালের ৩১ আগস্ট মারা যান মামলার বাদী রঙ্গু মিয়া। বর্তমানে তার ছোট ছেলে গোলাম ফারুক মামলাটির বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার আসামিরা হলেন র্যাব-১১-এর বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক অধিনায়ক ও নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র্যাব-১১-এর তৎকালীন কুমিল্লা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক-২ মেজর শাহেদ হাসান (রাজীব), উপসহকারী পরিচালক (ডিএডি) শাহজাহান আলী, উপপরিদর্শক (এসআই) কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার।
অ্যাম্বুলেন্সে থাকা প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, তাদের তিনজনকে আটকের পর চোখ বেঁধে ফেলা হয়েছিল। ওই দিন মধ্যরাতে চোখ খুলে নিজেকে লাকসাম থানায় দেখতে পান তিনি। চারদিকে খোঁজ করেও সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবীরকে পাননি।
জসিম উদ্দিনের ভাষ্য, তাকে র্যাব থানায় হস্তান্তর করেছিল। কিন্তু বাকি দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ধারণা, র্যাবই তাদের গুম করেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর কথিত আয়নাঘর থেকে গুমের শিকার একাধিক ব্যক্তি ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে নতুন করে আশায় বুক বাঁধেন নিখোঁজ দুই নেতার পরিবারের সদস্যরা। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো তথ্য পাননি স্বজনেরা।
নিখোঁজ হুমায়ুন কবীর পরভেজের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, র্যাব সদস্যরাই তার স্বামী ও সাইফুল ইসলাম হিরুকে তুলে নিয়ে গেছেন। তাদের নিখোঁজের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে তিনি মনে করেন। তার অভিযোগ, স্থানীয় রাজনীতিতে প্রতিপক্ষের সুবিধার জন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছিল।
শাহনাজ আক্তার আরও বলেন, ঘটনার পর পরিবারের সদস্যরা কয়েকবার চেষ্টা করে তারেক সাঈদের সঙ্গে একবার দেখা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আজও তারা জানেন না, তাঁর স্বামী ও সাইফুল ইসলামের ভাগ্যে কী ঘটেছে। তারা জীবিত আছেন, নাকি তাদের হত্যা করা হয়েছে—এ প্রশ্নের উত্তর চান তিনি।
মামলার বাদীপক্ষের প্রধান আইনজীবী মুহাম্মদ বদিউল আলম বলেন, এ পর্যন্ত যারা মামলাটি তদন্ত করেছেন, তাদের কেউই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেননি। তার অভিযোগ, আগের তদন্তকারীরা মামলাটি নিষ্পত্তির পরিবর্তে সময়ক্ষেপণ করেছেন।
বদিউল আলম বলেন, শুরু থেকেই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সরকার পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের ঘটনা তদন্তে গঠিত কমিশনে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দেওয়ার কাজ শুরু করেছেন তারা।
মামলার তদন্তের বিষয়ে তিনি জানান, লাকসাম থানার পুলিশ কয়েক দফা সময় নিয়ে ২০১৪ সালের ১৫ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদন মনগড়া দাবি করে নারাজি আবেদন করেন বাদী। পরে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি সাড়ে পাঁচ বছরে অন্তত ৬৩ বার আদালত থেকে সময় নেয়। এরপর ২০২০ সালের ২৭ আগস্ট প্রতিবেদন জমা দেয়। পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনও (পিবিআই) একইভাবে তদন্তে গড়িমসি করেছে বলে অভিযোগ করেন তিনি।
নিখোঁজ সাইফুল ইসলাম হিরুর একমাত্র ছেলে রাফসাল ইসলাম বলেন, ওই ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন। র্যাব তাকে থানায় হস্তান্তর করলেও বাকি দুজন নিখোঁজ হন। তার বিশ্বাস, তারেক সাঈদ এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে নিখোঁজের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
রাফসাল আরও বলেন, ওই সময় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে চাওয়া হলেও পুলিশ মামলা নেয়নি। একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও সেটির তদন্ত হয়নি।
মামলার বর্তমান বাদী ও নিখোঁজ হুমায়ুন কবীরের ছোট ভাই গোলাম ফারুক বলেন, আয়নাঘর থেকে অনেকের ফিরে আসার খবর পেয়ে তারা ডিজিএফআইয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু এখনো তাঁর ভাইসহ দুই বিএনপি নেতার কোনো সন্ধান মেলেনি।
দীর্ঘ ১৪ বছরেও নিখোঁজ দুই নেতার সন্ধান না পাওয়ায় পরিবারগুলোর অপেক্ষা শেষ হয়নি। স্বজনদের একটাই প্রশ্ন—সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবীর পরভেজ কোথায় আছেন, তাদের পরিণতি কী?
সময়ের আলো/জোই