
দেশের পাঁচ জেলায় আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত
দেশের পাঁচ জেলায় আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত দেশের পাঁচ জেলায় আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ, শেরপুরের একটি ভূমি অফিসে অগ্নিকাণ্ড এবং নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কেন্দ্রীয় নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে বাগেরহাটে বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার বড়পোলের পুলিশ বক্সে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে যায়। ধোঁয়ায় ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে গেলেও আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। গত এক সপ্তাহে নগরের আরও দুটি স্থানে ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। একই সময়ে মুরাদপুর এলাকায় আরেকটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ ছাড়া দামপাড়া পুলিশ লাইন্সের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত
থাকতে পারে বলে পুলিশের ধারণা। লকডাউন কর্মসূচি কেন্দ্র করে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে বৃহস্পতিবার ভোর ৪টা ৫৮ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কারাগার কর্তৃপক্ষ জানায়, একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে কারাগারের আরপি গেট লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল। পরে তারা শহরের মোল্লাতেঘড়িয়া এলাকার দিকে চলে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারাগারের সুপার মো. শরিফুল আলমের ধারণা, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অবস্থিত রাজগঞ্জ ভূমি অফিসে বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জমিজমা সংক্রান্ত নথিপত্র পুড়ে গেছে। স্থানীয় আমির হোসেনের বাড়ির লোকজন সকাল ৭টার দিকে প্রথম আগুন দেখতে পান। তাদের ডাকাডাকিতে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাটি নাশকতা বলে সন্দেহ করছেন স্থানীয়রা। অন্যদিকে জেলা প্রশাসনের ভাষ্য, যে কক্ষটি পুরোপুরি পুড়ে গেছে, সেখানে তেমন কাগজপত্র ছিল না। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার কেএম জহিরুল ইসলাম।
একই দিন ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে বাড়ির বারান্দার একটি কক্ষের আসবাব পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি। ফাহিম এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে এ ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ফাহিম। তিনি জানান, বেশ কিছু দিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছিলেন। তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন। নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে বাগেরহাটের ফকিরহাটে ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলো— বাগেরহাট সদরের বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরীকুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাহফুজুল নবী (৩১) এবং বাগেরহাট সদরের বারাশিয়া এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬)।
বৃহস্পতিবার বেলা ১১টার প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গত ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে ফকিরহাটের ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত আমির হামজার দোতলা বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত করে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মুঠোফোন ও নিবন্ধনহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে গ্রেফতার তিনজনই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/এসকে