প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:১৩ পিএম

আগুনে পুড়ে ছাই দোকান। ছবি : সময়ের আলো
আগুনে পুড়ে ছাই দোকান। ছবি : সময়ের আলো গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির হেয়াঁকো এলাকার দুটি দোকান। এর মধ্যে একটি চায়ের দোকান ও অন্যটি স্টেশনারি দোকান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হেয়াঁকো বনানী স্কুলসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানঘর ও মালামালসহ প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ দোকান আগুনের সূত্রপাত হয়। টিন ও কাঠের তৈরি দোকান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় দোকান দুটি। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানের অবকাঠামো ও ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে চায়ের দোকানি শফিউল্লাহর দেড় লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। তার দোকানের চেয়ার-টেবিল, তিনটি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পাশের স্টেশনারি দোকানের একটি ফ্রিজসহ মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকান মালিক মোহাম্মদ ইউসুফ জানান, দোকান দুইটি ও মালামাল মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় দাতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামাল উদ্দিন বলেন, গভীর রাতে আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সময়ের আলো/জোই