
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোবর্ণিল পোশাক, ঢোলের তালে ঐতিহ্যবাহী নৃত্য আর লোকসংগীতের সুরে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে আদিবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা।
শুক্রবার (২৭ নভেম্বর) নগরের বাগানপাড়ায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকার আদিবাসী নারী-পুরুষ এতে অংশ নেন। উৎসবের মধ্য দিয়ে তুলে ধরা হয় জাতিগোষ্ঠীগুলোর স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়, পারস্পরিক সম্প্রীতি ও ঐতিহ্যের বৈচিত্র্য।
উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী। শেলী বিশ্বাস ও সুমী মুরমু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রতন কুমার, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল অ্যাকাডেমির পরিচালক কাঞ্চন সিং উরাঁও, রাজশাহী ধর্মপ্রদেশের জুডিশিয়াল ভিকার ও উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু, চ্যান্সেলর ফাদার প্রেমু টি. রোজারিও, উদ্যাপন কমিটির সহসভাপতি ড. আরোক টপ্য এবং বাগানপাড়া মুক্তিদাতা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার লিটন রিবেরু। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।
সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে এতে অংশ নেন। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়।
নবান্নের আনন্দ, নতুন ফসল ঘরে তোলার উৎসব, কৃষিনির্ভর জীবনযাত্রা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার বিষয়গুলোও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
সাংস্কৃতিক পর্বে ছিল বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, লোকসংগীত ও ব্যান্ড সংগীত। বিশেষ করে মাল-পাহাড়িয়া জনগোষ্ঠীর পরিবেশনায় তাদের নিজস্ব সংস্কৃতি ও জীবনবোধের পরিচয় ফুটে ওঠে। রাজশাহী, নওগাঁ ও দিনাজপুর থেকে আসা সাংস্কৃতিক দলগুলোর পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করেন বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ পর্ব।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐশ্বর্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। ভিন্ন ভিন্ন জাতিসত্তার স্বকীয়তা বজায় রেখেই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে হবে।
আয়োজকেরা জানান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং ঐতিহ্য চর্চাকে উৎসাহিত করতেই এ উৎসবের আয়োজন। একই সঙ্গে নতুন প্রজন্মকে নিজেদের শিকড় ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সময়ের আলো/জোই