
সব অপরাধের বিচার করবে সরকার, অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী
সব অপরাধের বিচার করবে সরকার, অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রীসরকার সব ধরনের অপরাধের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। আওয়ামী লীগের রাজনীতির আসল চরিত্র জ্বালাও-পোড়াও ও সন্ত্রাস। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ভালো শিক্ষার্থীরা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত পরিবর্তন সম্ভব নয়। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে। দেশবাসী বুঝতে পারছে, সরকার কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতার বিরুদ্ধে আইনগতভাবে যা যা করা প্রয়োজন, সরকার সবই করবে।
এদিকে দুপুরে শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী।
পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ যেন ভুলেও চোখ তুলে না তাকান। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ এসব কর্মকাণ্ড পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের অনুসারীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
সময়ের আলো/জোই