প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সময়ের আলো
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সময়ের আলোআগামী দিনে বাংলাদেশে কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও নকলের কোনো সুযোগ থাকবে না। পরীক্ষার খাতায় লিখেই শিক্ষার্থীদের ভালো ফল করতে হবে। শিক্ষকদেরও খাতা মূল্যায়ন করতে হবে সঠিকভাবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরে নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠান ভবন নির্মাণের সুবিধা পাবে। অন্যদিকে, শিক্ষার্থী নেই কিংবা ফলাফল খারাপ—এমন প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না।
তিনি বলেন, বিগত এসএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। পরে দ্বিতীয় দফায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। এতে উত্তীর্ণ শিক্ষার্থী ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা শ্রেণিকক্ষের বাইরে কোচিং সেন্টারে পড়াতে পারবেন না। অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এ প্রবণতা বন্ধ করতে হবে। শিক্ষকদের শ্রেণিকক্ষেই পাঠদান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাঁরা রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো মিছিল-মিটিংয়ে অংশ নিতে পারবেন না। যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে যাবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি।
নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ প্রমুখ।
সময়ের আলো/জোই