
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতগোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং লেনদেনে বিঘ্ন ঘটছে। এসব প্রতিষ্ঠানের অনেক গ্রাহক টাকা পাঠানো ও গ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। লেনদেন করতে না পারায় কোনো কোনো দোকানপাটও বন্ধ রাখতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এনবিআর ৯৭টি হিসাব বন্ধ করেছে। তবে এর বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে জেলাটিতে মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্রের তথ্য অনুযায়ী, নিরাপত্তাঝুঁকির কারণে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্টদের মধ্যে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বেড়েছে।
তবে গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা হিসাব বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে বিকাশ। প্রতিষ্ঠানটির দাবি, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়। এর সঙ্গে কোনো নির্দিষ্ট জেলার সম্পর্ক নেই।
বিকাশের মুখপাত্র শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা বিকাশ হিসাব বন্ধ করে দেওয়ার অভিযোগের কোনো সত্যতা নেই। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে নিয়মিত প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এটি বিকাশের নিয়মিত কার্যক্রম।
তিনি বলেন, ‘এটা গোপালগঞ্জ বলে কোনো বিষয় নেই। আমাদের ডিজিটাল লেনদেনের সবকিছুর রেকর্ড থাকে। যেসব হিসাবে সন্দেহজনক লেনদেন দেখা যায়, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেটা যেকোনো হিসাব হতে পারে, কোনো নির্দিষ্ট এলাকার বিষয় নয়।’
শামসুদ্দিন হায়দার ডালিম আরও বলেন, বিকাশের হিসাব এলাকাভিত্তিক নয়। সারা দেশে প্রায় আট কোটি মানুষ বিকাশ ব্যবহার করেন। তাই কোনো হিসাব গোপালগঞ্জের, নাকি ঢাকার—এভাবে আলাদা করে দেখার সুযোগ নেই।
তিনি জানান, সন্দেহজনক লেনদেনের কারণে কখনো অল্পসংখ্যক, আবার কখনো একসঙ্গে অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়। এরপর সংশ্লিষ্ট হিসাবের লেনদেন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। হিসাবধারী আবেদন করলে বিষয়টি আবার যাচাই করা হয়। তদন্তে বড় ধরনের সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ না পাওয়া গেলে হিসাব পুনরায় চালু করে দেওয়া হয়।
এদিকে বিকাশের পাশাপাশি নগদ ও রকেটের গ্রাহকরাও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এসব প্রতিষ্ঠানের কতটি হিসাব বন্ধ বা ব্লক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে ঠিক কতজন গ্রাহক ভোগান্তিতে পড়েছেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
নগদের মুখপাত্র সজল জাহিদ গণমাধ্যমকে বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে—এমন তথ্য তাদের কাছে নেই। গোপালগঞ্জ, ঢাকা কিংবা ফরিদপুর—কোন জেলার কতটি হিসাব বন্ধ হয়েছে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সন্দেহজনক লেনদেনের তথ্য পেলে নিয়মিত বিভিন্ন হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে থাকে।
তিনি আরও বলেন, কোনো গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেন হলে বিএফআইইউর নির্দেশনায় হিসাব বন্ধ হতে পারে। সে ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা নগদের পক্ষে নির্ধারণ করা সম্ভব নয়। একটি মোবাইল নম্বর দেশের কোন এলাকায় ব্যবহার হচ্ছে, তা মোবাইল অপারেটর জানতে পারে। কিন্তু নগদ, বিকাশ বা রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষে তা জানা সম্ভব নয়।
সজল জাহিদ বলেন, হিসাব খোলার সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নেওয়া হলেও তা দিয়ে গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছেন বা তার মোবাইল নম্বর কোন এলাকায় ব্যবহার হচ্ছে, তা বোঝা যায় না। তাই শুধু গোপালগঞ্জের বাসিন্দা হওয়ার কারণে কোনো গ্রাহকের হিসাব বন্ধ করা হয়েছে—এমন তথ্য তাদের কাছে নেই।
সময়ের আলো/এসএকে