
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোমুন্সীগঞ্জের শ্রীনগরে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। প্রস্তাবে রাজি না হওয়ায় ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে ২ লাখ টাকা দাবি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ করার পর স্থানীয় প্রভাবশালীদের চাপে তাকে এলাকা ছাড়তে হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সিংগাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী শ্বশুরের সহযোগিতায় বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। গত ১৭ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে তিন মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় শরীফ (২৮) নামে এক ব্যক্তি ঘরের দরজায় ধাক্কা দিয়ে সিগারেটসহ কিছু মালামাল নেওয়ার কথা বলেন।
ওই নারী দরজা খুলতেই আরও পাঁচজন সেখানে উপস্থিত হন। তারা শরীফকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দেন। এরপর শরীফের সঙ্গে ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে শরীফকে ঘর থেকে বের করে দিয়ে দত্তগাঁও গ্রামের মিলন (৪২), জুয়েল (২৫), আসিফ (২২), সাইফুল ইসলাম (২৭) ও যুবরাজ শেখ (২৬) ধারণ করা ছবি ও ভিডিও দেখিয়ে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে নগ্ন করে আবারও ভিডিও ধারণ করা হয়। এ সময় আসিফ তাকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।
একপর্যায়ে এক দিনের মধ্যে ২ লাখ টাকা না দিলে ধারণ করা ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান। পরে ওই নারী শ্রীনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ করার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাঁকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ওই নারীর শাশুড়ি জানান, ঘটনার পর থেকে তারা নানা চাপে রয়েছেন। থানায় অভিযোগ দেওয়ার পর তার পুত্রবধূকে মুন্সীগঞ্জ জেলার বাইরে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবেও অসুস্থ।
অভিযুক্ত মিলন বলেন, ‘এই ঘটনায় আমি জড়িত নই। অভিযুক্ত জুয়েল, আসিফ ও যুবরাজ আমাদের ফাঁসিয়েছে।’
এদিকে অভিযুক্ত জুয়েল, আসিফ ও যুবরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বাড়িতে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) রিপন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। শরীফ মাঝেমধ্যে ওই নারীর দোকানে যেতেন। ঘটনার দিন অন্যরা তাঁকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেন। এ ঘটনায় ধারণ করা দুটি ছবি উদ্ধার করা হয়েছে। টাকা দাবি করা হলেও কোনো লেনদেন হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই নারীকে থানায় আসতে বলা হয়েছে, তবে তিনি এখনো আসেননি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/জোই