
(বাম থেকে) মো. আলী আজগর ও মো. ইদ্রিস আলী। ছবি : সময়ের আলো
(বাম থেকে) মো. আলী আজগর ও মো. ইদ্রিস আলী। ছবি : সময়ের আলো গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় দুই মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের একজন শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং অন্যজন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মৃত্যুর প্রায় এক থেকে দুই বছর পর তাদের আসামি করায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্বজনেরা।
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলার নম্বর ৪৬। এতে ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল ও মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খোকনের নেতৃত্বে মিছিলটি বের করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে।
মামলার ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মো. আলী আজগরকে। তিনি কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা হুমায়ুন কবির।
হুমায়ুন কবির বলেন, আমার চাচা এমন কী অপরাধ করেছিলেন যে মৃত্যুর পরও তাকে মামলার আসামি করা হলো? আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন। আমাদের মতো আর কোনো মৃত ব্যক্তির পরিবারকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়।
মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনি ওই ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। ২০২৪ সালের ২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
ইদ্রিস আলীর স্ত্রী মুর্শেদা বেগম বলেন, দুই বছর আগে আমার স্বামী মারা গেছেন। তিনি কি কবর থেকে উঠে এসে মহাসড়কে মিছিল করেলো অথচ আমাদের সঙ্গে দেখা করেলো না! তার অতি আদরের মেয়েদের একটু আদর-সোহাগও করে গেলো না! হঠাৎ করেই সংসারের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন। অথচ মৃত্যুর পরও তাকে মামলার আসামি করা হয়েছে। হায়রে পুরা কপাল আমাদের।
তিনি আরও বলেন,স্বামীর মৃত্যুর পর এমনিতেই সংসার সামলাতে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যে এ ধরনের ঘটনায় তারা আরও বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মামলায় অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে কোনোভাবে ভুল হয়ে থাকতে পারে। তদন্তে বিষয়টি পরিষ্কার হবে এবং ভুল প্রমাণিত হলে তাদের নাম মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই