প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতকেরানীগঞ্জের চুনকুটিয়ায় অবৈধ পাইলিংয়ের কারণে গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জের কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি চাপের গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করায় লিকেজের সৃষ্টি হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।
মেরামতকাজের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হলে যত দ্রুত সম্ভব এসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সময়ের আলো/এসএকে