
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংগৃহীত
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংগৃহীতপানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো পলাতক ফ্যাসিস্টের ফিরে আসার নজির নেই। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ যাদের ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বিতাড়িত করেছে, তারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার গো-হাটি এলাকায় করতোয়া নদী খনন কার্যক্রমের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যারা মনে করছেন ডিসেম্বর মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফর উপলক্ষে করতোয়া নদীর খনন কার্যক্রমের প্রস্তুতি দেখতে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রকল্পের বিষয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমানের সরকার শুধু খাল বা নদী খনন করেই দায়িত্ব শেষ করছে না। খননের পর উত্তোলিত মাটি যাতে আবার খাল-নদীতে গিয়ে না পড়ে, সে জন্য ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালা অনুসারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে খনন করা মাটি অপসারণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরবে। সংরক্ষিত পানি ব্যবহার করে ধানসহ বিভিন্ন রবি শস্যের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে কৃষক ও সাধারণ মানুষের আয় বাড়বে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমাতে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ নেওয়া হয়েছে। গত ১৬ জুন ২০২৬ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়।
প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও নিষ্কাশন সুবিধা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকায় ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সদস্য মমতাজ আলো, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, পানিসম্পদ সচিব ড. একেএম শাহাব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্যসচিব রেজানুল হাবীব রফিক, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন এবং উপজেলা মহিলা দলের নেত্রী কাকলী চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সময়ের আলো/জোই