
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো ইচ্ছাশক্তি, পরিশ্রম আর নতুন কিছু করার স্বপ্ন থাকলে ব্যর্থতাও যে সফলতার পথ দেখাতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত ভোলার চরফ্যাশন উপজেলার চরফকিরা এলাকার তরুণ উদ্যোক্তা হাছনাইন। একসময় বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করতেন তিনি। পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করতে গিয়ে ছোটবেলা থেকেই ভাবতেন, প্রচলিত কৃষির বাইরে নতুন কিছু করে নিজের ভাগ্য বদলাতে হবে। সেই ভাবনা থেকেই ইউটিউবে কৃষি ও উদ্যোক্তাবিষয়ক বিভিন্ন ভিডিও দেখা শুরু করেন। সেখান থেকেই শুরু হয় তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।
প্রথমে ইউটিউবের ভিডিও দেখে মাছ চাষে আগ্রহী হন হাছনাইন। নিজের উদ্যোগে মাছ চাষও শুরু করেন। তবে প্রত্যাশা অনুযায়ী লাভ না হওয়ায় হতাশ হন তিনি। কিন্তু ব্যর্থতায় থেমে না গিয়ে খুঁজতে থাকেন নতুন সম্ভাবনা। একপর্যায়ে ইউটিউবে ফরিদপুরের সফল বরইচাষি মফিজুর রহমান মাফির বরই বাগান নিয়ে একটি ভিডিও তার নজরে আসে। ভিডিওটি দেখে বরই চাষের প্রতি আগ্রহ তৈরি হয় তার।
পরে মফিজুর রহমান মাফির সঙ্গে যোগাযোগ করেন হাছনাইন। সরাসরি তার বাগান পরিদর্শন করে বরই চাষের বিভিন্ন কৌশল ও পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। এরপর উন্নত জাতের বরইগাছের কলম সংগ্রহ করে চাষের সিদ্ধান্ত নেন। শুরুতেই নিজেদের ৯৬ শতাংশ জমি বরই চাষের উপযোগী করে প্রস্তুত করেন।
২০২১ সালে মাত্র ৯৬ শতাংশ জমিতে বরই চাষ শুরু করেন তিনি। প্রথম বছরেই ভালো ফলন ও লাভের মুখ দেখেন। এতে আত্মবিশ্বাস বেড়ে যায় তার। এরপর ধীরে ধীরে বাগানের পরিধি বাড়াতে থাকেন। নিজেদের জমির পাশাপাশি পরবর্তী সময়ে জমি লিজ নিয়ে চাষ সম্প্রসারণ করেন। বর্তমানে তার বরই বাগানের পরিমাণ প্রায় ২৪০ শতাংশ বা আড়াই একর।
হাছনাইন জানান, একই পরিমাণ জমিতে ধান চাষ করলে বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকার মতো আয় হতো। অথচ সেই জমিতে বরই চাষ করে চলতি বছর প্রায় ১৬ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। তার মতে, পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারলে কৃষি থেকেও সম্মানজনক আয় করা সম্ভব।
নিজের সাফল্যের পাশাপাশি এলাকার অন্যদেরও বরই চাষে উৎসাহিত করছেন হাছনাইন। তিনি বলেন, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের এলাকায় ছোট-বড় মিলিয়ে ইতোমধ্যে ৫০টির বেশি বরই খামার গড়ে উঠেছে। আরও কেউ বরই চাষ করতে চাইলে আমি তাকে সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রস্তুত।
হাছনাইনের বাবা সাইফুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করি। কিন্তু কৃষিকাজ করে তেমন লাভবান হতে পারিনি। তারপরও কৃষিকাজ করতাম, কারণ অন্য কোনো কাজ জানতাম না। লাভ হোক বা লোকসান হোক কৃষিতে ধান চাষ করে চলছিল সংসার। আমার দুই ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে হাছনাইন প্রথমে মাছ চাষ করেছিল, তাতে তেমন লাভ হয়নি। পরে বরই চাষ শুরু করে। এখন তার বাগানে ভালো ফলন হচ্ছে, আয়ও ভালো। ছেলের এমন সাফল্যে আমরা অনেক খুশি।
ছেলের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাইফুল ইসলাম। চোখ ছলছল অবস্থায় তিনি বলেন, একসময় আমাদের সংসারে খুব অভাব-অনটন ছিল। ছোট একটি টিনের ঘরে ছেলে-মেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে নতুন ঘর করেছি, কিছু জমিও কিনেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।
হাছনাইনের ছোট ভাই রায়হানও ভাইয়ের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের তিন বোনেরই বিয়ে হয়েছে, তারা সবাই ভালো আছে। আমি আর বাবা বড় ভাইয়ের সঙ্গে মিলেমিশে বাগানের পরিচর্যা করি। আগের চেয়ে এখন অনেক ভালো আছি। এই বাগান আমাদের পরিবারের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, চরফ্যাশন উপজেলার মাটি অত্যন্ত উর্বর। এখানে প্রায় সব ধরনের ফসল চাষের উপযোগী এবং ভালো ফলন হয়। হাছনাইন মাত্র ২৬ বছর বয়সী একজন তরুণ। বেকার বসে না থেকে বরই চাষে উদ্যোগী হয়ে সে সফলতা পেয়েছে। তার এই উদ্যোগ অন্য বেকার যুবকদের জন্যও অনুপ্রেরণা হতে পারে। আমি বেকার যুবকদের আহ্বান জানাব, বসে না থেকে কৃষির নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। কৃষি বিভাগ আপনাদের পাশে রয়েছে। সরকারিভাবে বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষিকাজ এখন অনেক সহজ হয়েছে।
স্থানীয়ভাবে প্রচলিত কৃষির বাইরে গিয়ে ইউটিউব থেকে ধারণা নিয়ে বরই চাষে সফল হয়েছেন হাছনাইন। তার এই উদ্যোগ শুধু নিজের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনই ঘটায়নি, বরং এলাকার আরও অনেককে বরই চাষে আগ্রহী করে তুলেছে। তার পরামর্শে এলাকায় গড়ে উঠেছে অর্ধশতাধিক বরই খামার। একসময় যে কৃষিকাজ ছিল অভাবের সংসার চালানোর অবলম্বন, সেই কৃষিকাজই এখন তাদের পরিবারের সচ্ছলতার পথ দেখাচ্ছে।
হাছনাইনের বিশ্বাস, বেকার বসে না থেকে কৃষির নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে গ্রামেই তৈরি করা সম্ভব কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ। তার সাফল্য প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও উদ্যোগ থাকলে কৃষিও হতে পারে ভাগ্য পরিবর্তনের শক্তিশালী মাধ্যম।
সময়ের আলো/জোই