প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম

আউখাবো এলাকার আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডে অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো
আউখাবো এলাকার আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডে অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলোনারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি স্টিল মিলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকরা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে শিল্পাঞ্চলের আশপাশের এলাকা। কোনো কোনো পোশাক কারখানায় বেজে ওঠে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এতে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার আউখাবো এলাকার আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডে অভিযান চালায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে পরিবেশ দূষণের অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের পরিদর্শক রিমা আক্তার, অফিস সহকারী মো. রাকিবুল ইসলাম এবং রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান বলেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে অন্যান্য স্টিল মিলে। যারা পরিবেশ দূষণ করছেন, তাদের জন্য এটা একটা সতর্কবাণী।
সময়ের আলো/এনএন