
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোটানা কয়েকদিনের বৃষ্টি আর ঘূর্ণিঝড়ে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে বাড়ন্ত ও নতুন লাগানো ফসল। ফসল নষ্ট হওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। কৃষকরা জানান, কয়েক হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।
১৯ নভেম্বর থেকে টানা তিনদিন চুয়াডাঙ্গায় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাব পরে কৃষকের ফসলের মাঠে। বৃষ্টির পানিতে ডুবে যায় ফসলের খেত ও মাঠ। পানি কমার সঙ্গে সঙ্গে ফসলের ক্ষতির চিহ্ন দেখা যায়। পানি জমে থাকা মাঠে গরমের কারণে ফসল পচে যায়।
আমন ধান, আলু, সরিষা, গম, পেঁয়াজ, ভুট্ট, সবজি সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয় টানা বৃষ্টির কারণে। সবচেয়ে বেশি ক্ষতি হয় আলু ও আমন ধানের। পাকা ধান মাঠ থেকে উঠানোর আগেই হেক্টরের পর হেক্টর জমির ধান নষ্ট হয়ে যায়।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা চারটি উপজেলায় ধান, সবজি, পেঁয়াজ, আলু, মাষকলাই, সরিষাসহ বিভিন্ন ধরনের ফসল চাষ হয়েছে ৮১৮৪৯ হেক্টর জমিতে। মাঠে এখনো দণ্ডায়মান অবস্থায় রয়েছে ৭০০৩১ হেক্টর জমির ফসল। বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে ১৬৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
আরও পড়ুন
রোপা আমন ধান আবাদ করা হয়েছে ৩৬ হাজার ৭৭৬ হেক্টর, ভুট্টা ৩৫ হাজার ৯৫৬ হেক্টর, সবজি ৬১১০ হেক্টর, আলু ৩৫০ হেক্টর, সরিষা ৮৭৮ হেক্টর জমিতে চাষ হয়েছে।
কৃষকরা জানান, টানা কয়েকদিনের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। রোপা আমন ও আলুর বেশি ক্ষতি হয়েছে। সার কীটনাশক বীজ বাকি করে ক্রয় করার পর ফসল লাগায়। এছাড়া ধার দেনা করে লেবার ও সেচ খরচ দিতে হয়। এই জমিগুলো আর কোনো কাজে লাগবে না। যার কারণ হলো অন্য ফসল লাগানো সম্ভব নয়। কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়নি। কৃষকদের ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ ঘরে বসে খাতাকলমে ক্ষতি নিরূপণ করেছে। মাঠের বাস্তব চিত্র তারা দেখেনি।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে ফসল আক্রান্ত হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনের মাধ্যমে সহযোগিতা করা হবে।
সময়ের আলো/জোই