প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জমিজমাসংক্রান্ত নথিপত্র। ছবি : সময়ের আলো
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জমিজমাসংক্রান্ত নথিপত্র। ছবি : সময়ের আলোশেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারস্থ রাজগঞ্জ ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে জমিজমাসংক্রান্ত নথিপত্র। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে ভূমি অফিসের প্রতিবেশী আমির হোসেনের বাড়ির লোকজন প্রথমে অফিসটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে তাদের ডাকাডাকিতে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডে ভূমি অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে চরম উদ্বেগে পড়েছেন স্থানীয় জমির মালিকরা। তবে জেলা প্রশাসন বলছে, যে কক্ষটি পুরোপুরি পুড়ে গেছে, সেই কক্ষে তেমন কাগজপত্র ছিল না।
এদিকে, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার কেএম জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।
সময়ের আলো/এনএন