কৃষি আবহাওয়া অফিস আছে, নেই কৃষকের জন্য পূর্বাভাস

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

তিন মাস ধরে সন্তানের মতো যত্নে আমন ধান ফলিয়েছিলেন কৃষকেরা। কারও জমির ধান পেকে কাটার অপেক্ষায় ছিল, কেউবা কেটে মাঠেই

2026-11-26T17:49:44+00:00
2026-11-26T17:49:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
কৃষি আবহাওয়া অফিস আছে, নেই কৃষকের জন্য পূর্বাভাস
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম 
কৃষি আবহাওয়া পর্যাবেক্ষণাগার। ছবি : সময়ের আলো
কৃষি আবহাওয়া পর্যাবেক্ষণাগার। ছবি : সময়ের আলো
তিন মাস ধরে সন্তানের মতো যত্নে আমন ধান ফলিয়েছিলেন কৃষকেরা। কারও জমির ধান পেকে কাটার অপেক্ষায় ছিল, কেউবা কেটে মাঠেই শুকাতে দিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই সেই ধান ঘরে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় কৃষকদের সেই স্বপ্ন এখন পানির নিচে। কোথাও কাটা ধান ভাসছে, কোথাও পাকা ধানগাছ নুয়ে পড়েছে জমিতে। একই সঙ্গে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আলু, পেঁয়াজসহ শীতকালীন সবজির আবাদেও।

কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য দিয়ে ফসল রক্ষায় সহায়তার লক্ষ্যে ২০১২ সালে সরকারি অর্থায়নে নওগাঁর বদলগাছীতে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও দুর্যোগের সময় প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষকদের অভিযোগ, কার্যালয়টি অধিকাংশ সময় বন্ধ থাকে। আবহাওয়ার পূর্বাভাস কিংবা ফসল রক্ষায় করণীয় বিষয়ে তারা নিয়মিত কোনো তথ্য পান না।

সরেজমিনে পর্যবেক্ষণাগারে গিয়ে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া যায়। কার্যালয়ের মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ ছিল। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর একজন এসে ফটক খুলে দিলেও ভেতরে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে নিজেকে উচ্চ পর্যবেক্ষক পরিচয় দেওয়া এক ব্যক্তি এসে জানান, কার্যালয়ের কর্মকর্তা ছুটিতে আছেন। তিনি কবে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

কার্যালয় থেকে পাওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিস্তারিত কথা বলতে রাজি হননি। মুঠোফোনে সব কথা বলা সম্ভব নয় জানিয়ে তিনি পরে সরাসরি কথা বলার কথা বলেন। তবে কবে কার্যালয়ে এসে বক্তব্য দেবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি। কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস না পৌঁছানোর কারণ সম্পর্কেও তিনি কোনো মন্তব্য করতে চাননি।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে আছে নিচু জমি। কোথাও হাঁটুসমান পানিতে ভাসছে কাটা ধান, আবার কোথাও জমিতে পড়ে আছে পাকা ধানগাছ। আগাম আবাদ করা আলু ও পেঁয়াজের জমিতেও পানি জমেছে। এতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলার চাংলা এলাকার কৃষক হাফিজার বলেন, দুর্যোগের আগাম খবর পেলে ফসল রক্ষায় কিছু প্রস্তুতি নেওয়া সম্ভব হতো। পাকা ধান মাঠে না রেখে দ্রুত কেটে ঘরে তুলতে পারতাম।

সদরের কৃষক ছামছুল ও বাচ্চু বলেন, আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে কৃষি অফিস বা আবহাওয়া অফিস জানালে আলু ও পেঁয়াজের আবাদ কয়েক দিন পিছিয়ে দিতে পারতেন। এতে অন্তত কিছু ক্ষতি এড়ানো সম্ভব হতো।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বদলগাছীতে প্রায় ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন এবং ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২২৫ হেক্টর জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের আবহাওয়া সম্পর্কে সতর্ক করেছে। পাকা ধান দ্রুত কেটে মাড়াই করার পরামর্শও দেওয়া হয়েছিল। তবে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তারা কোনো পূর্বাভাস পাননি।

কৃষি বিভাগের এই বক্তব্যে পর্যবেক্ষণাগারটির কার্যক্রম নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরই যদি উপজেলা কৃষি বিভাগকে আবহাওয়ার পূর্বাভাস না দেয়, তাহলে মাঠপর্যায়ের কৃষকদের কাছে সময়মতো তথ্য পৌঁছানোর ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।


২০১২ সালে প্রতিষ্ঠিত পর্যবেক্ষণাগারটির জনবল, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, কার্যক্রম এবং কৃষকদের কাছে পূর্বাভাস পৌঁছানোর ব্যবস্থা খতিয়ে দেখার দাবি উঠেছে। সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত এই কার্যালয় এক যুগের বেশি সময়ে কী ধরনের সেবা দিয়েছে এবং দুর্যোগের আগে কতজন কৃষকের কাছে সতর্কবার্তা পৌঁছেছে, তারও জবাবদিহি প্রয়োজন।

কৃষকের কাছে ফসলহানি মানে শুধু একটি মৌসুমের উৎপাদন হারানো নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে সারা বছরের সংসার খরচ, ঋণ পরিশোধ ও পরবর্তী মৌসুমে চাষাবাদের পুঁজি। অথচ সময়মতো আবহাওয়ার পূর্বাভাস পেলে অনেক ক্ষেত্রেই ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব।

কৃষকদের দাবি, সাইনবোর্ডসর্বস্ব প্রতিষ্ঠান নয়, তারা চান কার্যকর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। কার্যালয়টি নিয়মিত চালু রাখা, নির্ভরযোগ্য পূর্বাভাস সময়মতো প্রকাশ এবং সেই তথ্য সরাসরি মাঠপর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত এই কার্যালয় কৃষকের প্রয়োজনে কতটা কাজে আসছে, এখন সেই জবাবদিহিই চান তারা।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কৃষি আবহাওয়া অফিস  কৃষকের জন্য পূর্বাভাস  বদলগাছী  নওগাঁ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: