
ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ছবি : সময়ের আলো
ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ছবি : সময়ের আলোকুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ নিয়ে দুই শিক্ষকের বিরোধে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থী। একই সঙ্গে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম।
১৯৫৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে এ বিরোধের সূত্রপাত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), উপজেলা প্রশাসন ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হকের চাকরির মেয়াদ শেষ হলে চলতি বছরের ১ জানুয়ারি মোছা. সালমা খাতুনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রায় আট মাস দায়িত্ব পালনের পর গত ২৪ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের নির্দেশে তাকে দায়িত্ব থেকে সরিয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নুর উদ্দিন মো. জাহাঙ্গীরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এ-সংক্রান্ত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশে স্বাক্ষর করেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এসএম মোসলেম উদ্দিন। আদেশের স্মারক নম্বর ৩৭.০২.০০০০,১০৬.৩৪.০১০.২০২৩/১৭৬৫।
তবে মাউশির নির্দেশনার দুই মাস পেরিয়ে গেলেও সালমা খাতুন দায়িত্ব হস্তান্তর করেননি বলে অভিযোগ করেছেন নুর উদ্দিন জাহাঙ্গীর। তাঁর ভাষ্য, গত ১ নভেম্বর মাউশির খুলনা অঞ্চলের উপপরিচালক এএস ছায়েদুর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। এ সময় সালমা খাতুন দুই দিন সময় চান। কিন্তু সেই সময় পার হওয়ার পরও তিনি বিদ্যালয়ে উপস্থিত হননি।
এদিকে কুষ্টিয়ার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ আলী বিদ্যালয়টি পরিদর্শন করে সালমা খাতুনকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেন। এরপরও সমস্যার সমাধান হয়নি।
নুর উদ্দিন জাহাঙ্গীর বলেন, মাউশির আদেশে বিদ্যালয়ের আয়-ব্যয়সহ সব কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়ে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখনো অফিসকক্ষ বুঝিয়ে দেননি। ব্যাংক হিসাবের কাগজপত্রসহ প্রয়োজনীয় নথিও তালাবদ্ধ করে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ফলে অফিসের খরচ, পরীক্ষা পরিচালনা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম চালাতে সংকট তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক সালমা খাতুনের জ্যেষ্ঠতা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই না করেই তাঁকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এ কারণে তিনি মাউশির খুলনা অঞ্চলের উপপরিচালকের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে নিজের অবস্থানে অনড় মোছা. সালমা খাতুন। তিনি বলেন, বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা তাঁর রয়েছে। এ বিষয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে দুই শিক্ষকের বিরোধ এবং প্রশাসনিক জটিলতার মধ্যে ব্যাহত হচ্ছে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ১২০০ শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
সময়ের আলো/জোই