প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম

মেকআপ আর্টিস্ট আল আমিন রাফি ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
মেকআপ আর্টিস্ট আল আমিন রাফি ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীতকিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিউটি পার্লার থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাবেক পার্সোনাল মেকআপ আর্টিস্ট আল আমিন রাফির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে। পরিবারের দাবি, এক বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য ধারদেনা করে দেওয়া টাকা ফেরত না পেয়ে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের পার্সোনাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে দুয়েকজন নারীকে কাজ শিখিয়ে ‘পারফেক্ট বিউটি পার্লার’ চালু করেন।
পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিন তার এক বন্ধুকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন। ওই বন্ধুর কাছে পাওনা টাকা ফেরত চেয়ে তাকে প্রায়ই ফোন করতে দেখেছেন তিনি। তবে কত টাকা ধার দিয়েছিলেন, তা জানা নেই তার।
বৃষ্টি বেগমের ভাষ্য, আল আমিনের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তবে তিনি দেনার চাপে ছিলেন।
নিহতের বোন রোহেনা আক্তার জানান, নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তার ভাই। ওই টাকা দিয়ে নাঈমকে গ্রিসে যেতে সহায়তা করেন আল আমিন। বর্তমানে নাঈম গ্রিসে রয়েছেন।
রোহেনা আক্তারের দাবি, গত ২৬ নভেম্বর রাতে নাঈমকে ফোন করে পাওনা টাকা ফেরত চান আল আমিন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঋণের চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এসএকে