
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোসমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অবসরকালীন আর্থিক নিরাপত্তার আওতায় আনতে সর্বজনীন পেনশন ব্যবস্থা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘দিনাজপুর সর্বজনীন পেনশন মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মন্ত্রী। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তব্যে মন্ত্রী বলেন, কর্মজীবনের ব্যস্ততা একদিন থেমে গেলেও জীবনের প্রয়োজন থেমে থাকে না। কর্মক্ষম সময়ে উপার্জন কমে এলে সর্বজনীন পেনশন ব্যবস্থা মানুষের আর্থিক নিরাপত্তার নির্ভরযোগ্য অবলম্বন হতে পারে। সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে অবসরকালীন আর্থিক সুরক্ষার আওতায় আনতে এ ব্যবস্থা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও এর আওতায় আনতে হবে। কর্মজীবনে গড়ে তোলা সঞ্চয় যেন জীবনের শেষ পর্যায়ে আর্থিক স্বস্তির ভিত্তি হয়ে ওঠে, সে লক্ষ্যেই সর্বজনীন পেনশন ব্যবস্থাকে জনসম্পৃক্ত করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম সচিব শরিফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মোকাররম হোসেন ও হাসানুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
শোভাযাত্রায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মণ্ডলসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী ও অতিথিরা। মেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপিসিও দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, কারিতাসসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫০টি স্টল অংশ নিয়েছে।
মেলা উপলক্ষে মতবিনিময় সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
সময়ের আলো/জোই