প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৪০ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ২:৪৯ পিএম

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি : সময়ের আলো আওয়ামী লীগকে সন্ত্রাসী ও মাফিয়া দল হিসেবে আখ্যায়িত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে, দলটি নিজেদের শুধরাবে না।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদরের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচার চলাকালে তিনি দেশে আসেননি। এখন আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে।
এ সময় আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী অধ্যাপক মীর্জা নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমীন, সম্রাট খন্দকার, শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ওয়াদুদ হোসেন মন্ডল, সদস্যসচিব মমিনুর রহমান মমিনসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উল্লেখ্য, নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। চলতি বছর প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপন করা হচ্ছে।
সময়ের আলো/জোই