জনবল সংকটে স্থবির ভেড়ামারা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

জনবল সংকট, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনায় কার্যত স্থবির হয়ে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম। মাত্র দুজন কর্মকর্তা-কর্মচারী

2026-11-28T15:29:31+00:00
2026-11-28T15:29:31+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
জনবল সংকটে স্থবির ভেড়ামারা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। ছবি : সময়ের আলো
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। ছবি : সময়ের আলো
জনবল সংকট, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনায় কার্যত স্থবির হয়ে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম। মাত্র দুজন কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে গুরুত্বপূর্ণ এ সরকারি দফতরের কার্যক্রম। দীর্ঘ চার বছর ধরে নাইটগার্ড ও পিয়নের পদ শূন্য থাকায় অরক্ষিত হয়ে পড়েছে অফিস ভবন ও সরকারি সম্পদ। একই সঙ্গে বন্ধ রয়েছে নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, ভেড়ামারা পৌরশহরের কাচারিপাড়া এলাকায় ১৩৬৬ ও ১৩৬৯ নম্বর দাগে ১০০ শতাংশ জমির ওপর ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। বর্তমানে একজন কর্মকর্তা ও একজন অফিস সহকারী দিয়ে চলছে দপ্তরটির কার্যক্রম।

এ কার্যালয়ের মাধ্যমে উপজেলার ১ হাজার ৯৮০ জন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল দেওয়া হয় ভিডব্লিউবি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায়। এ ছাড়া মাতৃ ও শিশু সহায়তা, নারী উন্নয়ন, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, কিশোরী উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব রয়েছে দপ্তরটির। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় এসব কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বর্তমানে পাশের দৌলতপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে দুই উপজেলার একটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের প্রশাসনিক এবং মাঠপর্যায়ের কার্যক্রম একসঙ্গে তদারকি করতে হচ্ছে তাঁকে। এতে নিয়মিত সেবা প্রদান, গুরুত্বপূর্ণ সভা, প্রকল্প তদারকি, প্রশিক্ষণ কার্যক্রম এবং উপকারভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যাহত হচ্ছে।


অন্যদিকে, দীর্ঘদিন ধরে নাইটগার্ড না থাকায় কার্যালয়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। অফিস সূত্রে জানা গেছে, রাতের বেলায় অফিস চত্বরে মাদকসেবী ও অসামাজিক ব্যক্তিদের আনাগোনা বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর অনেক সময় অফিস প্রাঙ্গণ নিরাপত্তাহীন হয়ে পড়ে। এতে সরকারি আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি ও প্রশিক্ষণসামগ্রী চুরির আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে প্রশিক্ষণ কেন্দ্রের দরজা-জানালা খুলে নিয়ে গেছে চোর ও মাদকসেবীরা বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তার অভাব, জনবল সংকট ও তদারকির ঘাটতিতে কেন্দ্রটির কার্যক্রমও কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে সেলাই, হস্তশিল্প ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষণ নিতে আগ্রহী নারীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, সরকারি প্রকল্পের আওতায় একসময় এ কার্যালয় থেকে তাঁত, সেমাই তৈরি, ফুড প্রসেসিং, মাশরুম চাষ, আটা ভাঙানো, চানাচুর তৈরি ও ইনকিউবেটর পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু বর্তমানে প্রকল্প বন্ধ থাকায় প্রশিক্ষণ কার্যক্রমও বন্ধ রয়েছে।

তিনি জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়েও উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। জনবল নিয়োগ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে সেবার মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভেড়ামারা  কুষ্টিয়া  মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়  জনবল সংকট  নারী উন্নয়ন  প্রশিক্ষণ কার্যক্রম  নিরাপত্তাহীনতা  সরকারি দপ্তর  জান্নাতুল ফেরদৌস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: