প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোমাদারীপুরের শিবচরে ত্রিপল বা অন্য কোনো আচ্ছাদন ছাড়াই বালু পরিবহনের দায়ে তিনটি বালুবোঝাই ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ট্রাকচালকসহ পাঁচজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শিরুয়াইল সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ত্রিপল বা অন্য কোনো আচ্ছাদন ছাড়াই বালু পরিবহন করা হচ্ছিল। এতে বাতাসে বালু ছড়িয়ে পথচারী ও যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়ছিলেন। পাশাপাশি বেপরোয়া গতিতে ট্রাক চলাচলের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। একপর্যায়ে শিরুয়াইল সেতুর কাছে কয়েকজন বালু ব্যবসায়ী ও ট্রাকচালককে অনাবৃত অবস্থায় বালু পরিবহন করতে দেখা যায়।
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ বিধিমালা, ২০২২ অনুযায়ী অনাবৃত অবস্থায় বালু পরিবহন নিষিদ্ধ। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় এ ধরনের অপরাধের শাস্তির বিধান রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সময়ের আলো/জোই