জয় বাংলা স্লোগানের অভিযোগে কারাগারে ২ ‘জুলাই যোদ্ধা’

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতার দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ

2026-11-28T16:39:26+00:00
2026-11-28T16:39:26+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
জয় বাংলা স্লোগানের অভিযোগে কারাগারে ২ ‘জুলাই যোদ্ধা’
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম 
জুলাই আন্দোলনৈর সময় ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন ওই দুই যুবক। ছবি : সময়ের আলো
জুলাই আন্দোলনৈর সময় ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন ওই দুই যুবক। ছবি : সময়ের আলো
রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতার দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। আন্দোলনের সময় তাদের অংশগ্রহণের একটি ছবিও পাওয়া গেছে।

ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন ওই দুই যুবক। তাদের পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।

গ্রেফতার দুজন হলেন- শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি সারেংপুরে নানার বাড়িতে থাকেন।

শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়।

গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আনাস বিন আবুল কাশেম বলেন, জুলাই আন্দোলনের সময় সে আমার সহযোদ্ধা ছিল। আন্দোলনে সে আমার সঙ্গে প্ল্যাকার্ড হাতে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, ‘শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিল। গোদাগাড়ী থেকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোন করে এ কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।

গ্রেফতার শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তার ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তারা। এখন থানার সামনে জয় বাংলা স্লোগান হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় গেলে ওসি প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তারা মদ পান করছিল। তাহলে মদ পানের মামলা না দিয়ে বিএনপির অফিস পোড়ানোর মামলা কেন?’


তিনি আরও বলেন, আমার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে। পড়াশোনার এত চাপ ছিল যে সে কোনো রাজনীতিই করেনি। আর আমরা পারিবারিকভাবে বিএনপি-জামায়াত করেছি। আমার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, তারা জুলাইয়ের আন্দোলনে ছিল কি না, সেটি আমার জানা নেই। তারা দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিল। দুজন পালিয়ে যায়, দুজনকে আমরা আটক করি। আমাদের কোনো ভুল হয়নি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   জয় বাংলা স্লোগান  কারাগার  জুলাই যোদ্ধা  রাজশাহী  গোদাগাড়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: