দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় একটি গুদামঘর সিলগালা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহানপুর গ্রামের আলমের চাতালের ধানের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সারগুলো জব্দ করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে গুদামঘরটি সিলগালা করেন।
জব্দ করা সারগুলোর মালিক মাহানপুর (রনপাড়া) গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক মো. আলমগীর হোসেন (৪০)।
অভিযানের সময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, জব্দ করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। এসব সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
সময়ের আলো/এনএন