তরুণ ও যুবসমাজকে মাদক এবং মোবাইলে জুয়া খেলা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হাকিমপুরে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ-যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে খেলার মাঠ তৈরির কাজ শুরু করেছে।
হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে হাকিমপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পৌরসভার ৯ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ৪-৩ গোলে ৪ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৯ নম্বর ওয়ার্ড।
টুর্নামেন্টের আয়োজক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন জানান, চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
হাকিমপুর হিলি পৌর বিএনপির সভাপতি আলহাজ মোতালেব খান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী সরদার, পৌর বিএনপির সহসভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন