ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতার নামই সাংবাদিকতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ক্ষমতাকে প্রশ্ন করা না গেলে সেটি সাংবাদিকতা নয়। একটি গণতান্ত্রিক সরকারকে যত বেশি প্রশ্ন করা হবে, সরকারকে তত বেশি জবাবদিহি করতে হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘যত বেশি প্রশ্নের উত্তর দেওয়া হবে, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রম তত বেশি স্পষ্ট হবে। তাই একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রশ্ন একটি সম্পদ।’
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার আগেই গণমাধ্যমের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছিল। পাশাপাশি সবার অংশগ্রহণে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের দায়িত্ব পালনের সময় গণমাধ্যম কমিশন গঠন ছিল তাঁর নেওয়া গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি। কমিশন গঠনের প্রক্রিয়ায় দেশের সব গণমাধ্যম সরকারকে সহযোগিতা করেছে বলেও দাবি করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের জন্মের পর কোনো সরকারের কোনো উদ্যোগে এই প্রথম দেশের সব গণমাধ্যম একসঙ্গে যুক্ত হয়েছে। এভাবে একটি নতুন পর্যায় তৈরি করা সম্ভব হয়েছে।
গণমাধ্যমে বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দুই ধরনের মানুষ গণমাধ্যমে বিনিয়োগ করেন। একদল মনে করেন, দেশের মতো পরিবেশে একটি গণমাধ্যমের মালিকানা থাকা প্রয়োজন। অন্যরা দেশপ্রেম ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরার দায়িত্ববোধ থেকে বিনিয়োগ করেন।
গণমাধ্যমের কাঠামো নিয়ে তিনি বলেন, এ খাতে মূলত মালিকপক্ষ, সম্পাদক ও সাংবাদিক এবং ছাপাখানার কর্মীরা গুরুত্বপূর্ণ অংশ। সরকার পত্রিকা পরিচালনা করবে না। তাই গণমাধ্যমকে শক্তিশালী ও দায়িত্বশীল করতে এই তিন পক্ষের সক্ষমতা নিশ্চিত করাই সরকারের কাজ।
তিনি আরও বলেন, গণমাধ্যমে বিনিয়োগকারীরা যাতে নিরাপদ বোধ করেন এবং তাদের বিনিয়োগ যাতে লাভজনকভাবে পরিচালিত হতে পারে, সে জন্য সরকার নীতিগত সহায়তা দেবে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, দৈনিক জনতার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইন, সম্পাদক ওবায়দুর রহমান শাহীনসহ পত্রিকাটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে