বিসিবির অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ অবৈধ ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও গোষ্ঠী উদ্যোগে জেলা ক্রিকেট সংস্থা গঠনের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে এসেছে। এ বিষয়ে

2026-08-26T11:40:15+00:00
2026-08-26T11:42:12+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
বিসিবির অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ অবৈধ ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪০ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১১:৪২ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও গোষ্ঠী উদ্যোগে জেলা ক্রিকেট সংস্থা গঠনের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে এসেছে। এ বিষয়ে বিসিবি জানিয়েছে, তাদের অনুমোদন ছাড়া কোনো সংস্থা নিজেদের জেলা ক্রিকেট সংস্থা দাবি করলে, তা সংবিধানবিরোধী ও অবৈধ হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এক বার্তায় বিসিবি বলেছে, ‘দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলাভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার কিছু প্রচারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকলের অবগতির জন্য জানাতে চায়, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা উদ্যোগের সঙ্গে বিসিবির কোনোপ্রকার সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।’

জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনা এবং সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থার স্বীকৃতি, গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়ে বিসিবির সংবিধানে সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো নির্ধারিত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।


বিসিবি বলেছে, ‘সংবিধানের অনুচ্ছেদ ৬.২ অনুযায়ী, দেশব্যাপী ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ এবং সমন্বয়; সারা দেশের ক্রিকেট পরিচালনার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিতকরণ বিসিবির দায়িত্ব ও কার্যপরিধির অন্তর্ভুক্ত। একইভাবে, সংবিধানের অনুচ্ছেদ ৬.৪ অনুযায়ী, এই সংবিধানে উল্লিখিত অধিভুক্ত ক্রিকেট সংস্থাসমূহকে স্বীকৃতি প্রদান ও তাহাদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঞ্চল ও অঙ্গ সংগঠনের স্বীকৃতি প্রদান, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা বিসিবির দায়িত্ব ও কার্যপরিধির অন্তর্ভুক্ত।’

এ ছাড়া সংবিধানের ৯.১(খ) অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবি অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুযায়ী গঠিত হতে হবে। পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব, বয়সভিত্তিক ক্রিকেট এবং বিসিবি আয়োজিত অন্যান্য প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি নিজ অঞ্চলে নিয়মিত ক্রিকেট লিগ পরিচালনা করতে হবে।

একই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে।


বিসিবি আরও জানিয়েছে, ‘উল্লিখিত অনুচ্ছেদসমূহের আলোকে, শুধুমাত্র বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ও প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থা বা সংগঠন বা কমিটি জেলা ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে এবং বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচ্য হবে। বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ব্যতিরেকে কোনো সংস্থা বা সংগঠন নিজেদেরকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে বিসিবি। একই সঙ্গে কোনো জেলাভিত্তিক ক্রিকেট সংগঠন বা কমিটি বিসিবির স্বীকৃত কি না, তা নিশ্চিত হতে প্রয়োজনে বিসিবির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

দেশের ক্রিকেটের সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে বিসিবির সংবিধান এবং অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসরণ করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সময়ের আলো/মহু


  বিষয়:   বিসিবি  ক্রিকেট  সংস্থা  অবৈধ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: