‘চাঁন্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই অভিযোগের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়া

চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও প্রকাশের জন্য চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’। এতে প্রথম দিনেই অভিযোগের শীর্ষে রয়েছে ঢাকা।মঙ্গলবার

2026-08-26T12:55:53+00:00
2026-08-26T13:01:25+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
‘চাঁন্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই অভিযোগের শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পিএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১:০১ পিএম
প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে। ছবি : এআই
চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও প্রকাশের জন্য চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’। এতে প্রথম দিনেই অভিযোগের শীর্ষে রয়েছে ঢাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করতে প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

চালু হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটটির পাবলিক লেজারে ৯টি রিপোর্ট জমা পড়ে। এসব রিপোর্টে মোট চাওয়া বা দেওয়া অর্থের পরিমাণ দেখানো হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। সোমবার রাত পর্যন্ত বেশি রিপোর্ট এসেছে ঢাকা বিভাগ থেকে

এ রিপোর্টগুলোর একটি রাজধানীর মিরপুরের ৬০ ফুট এলাকার। সেখানকার একটি নির্মাণাধীন ভবনের কাজের সময় ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে একজন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি করার কথা বলার পাশাপাশি এটাও উল্লেখ করা হয়েছে যে, ওই ব্যক্তির সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে।


পূর্ব শেওড়াপাড়ায় সড়ক উন্নয়নকাজের সময় বিভিন্ন ভবনের পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর, তা আবার ঠিক করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা করে চাওয়ার অভিযোগও রয়েছে। এ ক্ষেত্রেও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এছাড়া, পল্টন এলাকায় ময়লার বিলের নামে প্রতি মাসে ২০০ টাকা করে নেওয়ার একটি অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষেত্রে সিটি করপোরেশনের রসিদ ব্যবহার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতার ভিত্তিতে ‘চাঁন্দাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।


প্ল্যাটফর্মটিতে নাগরিকরা নাম-পরিচয় প্রকাশ না করেই তথ্য জানাতে পারবেন। অভিযোগের সঙ্গে ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ থাকবে।

তবে উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়েবসাইটে জমা পড়া কোনো তথ্যকে আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতার উন্মুক্ত নথি। এর মাধ্যমে কোন এলাকা বা খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে একটি প্রাথমিক চিত্র পাওয়া যাবে।

ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে অভিযোগ প্রকাশের আগে তা মডারেশনের আওতায় আনা হবে। 

চাঁন্দাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে অপমান বা অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সময়ের আলো/মহু

  বিষয়:   চাঁন্দাবিডি  অভিযোগ  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: