নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা হিসেবে ৫ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ বন্যাকবলিত মানুষের জন্য জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহে ব্যবহার করা হবে।
বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতিও সহমর্মিতা জানিয়েছে দেশটি।
এদিকে বন্যা ও ভূমিধসে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫৪ জন মার্কিন নাগরিক রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ মার্কিন নাগরিকদের বেশির ভাগই পর্যটক।
নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকারীরা এখনো কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে নিখোঁজদের সন্ধান করছেন।
সময়ের আলো/কেএইচ