বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিয়োগপত্র হাতে পেয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, একাত্তরের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ বিনির্মাণে কাজ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী বলেন, গুমের শিকার ও চব্বিশের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী মানুষগুলোর কারণেই আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। তারা যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বর্তমান সরকার সর্বোচ্চ দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করবে।
এ ছাড়া গণতান্ত্রিক আন্দোলনে নানা সময়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে এই সরকার সর্বদা থাকবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
সময়ের আলো/জেডআই