ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাৎ, পদ হারালেন ইউপি সদস্য

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. সোহরাব হোসেনের সদস্যপদ বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ।

2026-09-02T19:18:00+00:00
2026-09-02T20:42:04+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাৎ, পদ হারালেন ইউপি সদস্য
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৮:৪২ পিএম
মো. সোহরাব হোসেন। ছবি : সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. সোহরাব হোসেনের সদস্যপদ বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ। হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ভিডব্লিউবি কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে বিক্রি এবং সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১২ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার সদস্যপদ বাতিল করা হয়। পরে ২৫ আগস্ট উপজেলা প্রশাসনের পৃথক বিজ্ঞপ্তিতে তার ইউপি সদস্যপদ শূন্য ঘোষণা করা হয়েছে।

Advertisement
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ইউপি-১ শাখার প্রজ্ঞাপনে ১২ আগস্ট ২০২৬ তারিখে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুকাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. সোহরাব হোসেনের বিরুদ্ধে ভিডব্লিউবি কর্মসূচির ৭ হাজার ৭৫০ কেজি চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে কর্মসূচির আওতাভুক্ত ২৪৭ জন উপকারভোগীর জমাকৃত সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগও করা হয়।



অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ২১ মে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জবাব দেন। তবে তার দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক হয়নি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সদস্যপদ থেকে অপসারণ করা হয়।

এর ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুকাশ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদ শূন্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩২-এর উপধারা ২-এ প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে ওই সদস্যপদ শূন্য ঘোষণা করা হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, স্থানীয় সরকার বিভাগের এ সিদ্ধান্তের ফলে সুকাশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদ বর্তমানে শূন্য রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সময়ের আলো/এনএন

  বিষয়:   হতদরিদ্র  চাল আত্মসাৎ  ইউপি সদস্য  নাটোর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: